চট্টগ্রাম বন্দর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত

বন্দর নিরাপত্তা সপ্তাহের সমাপনীতে বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ১০ মে শুরু হওয়া এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান গতকাল শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি বন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বন্দরের কর্মকর্তাকর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক মানের নিরাপদ বন্দর নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় নিরাপত্তা সচেতনতামূলক র‌্যালি, সেফটি ব্রিফিং, অগ্নি নির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক বাস্তবধর্মী মহড়া (মক ড্রিল) অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দরের অভ্যন্তরে ট্রাফিক সাইন ও লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপত্তা প্রচারণা চালানো হয়। বন্দরের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদেরও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তা কর্মীদের পেশাদারিত্ব প্রমাণ করেছে যে, চট্টগ্রাম বন্দর যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। দেশের স্বার্থে ২৪ ঘণ্টা বন্দরের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্টেকহোল্ডার ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভাগীয় প্রধানদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, এ ধরনের সচেতনতামূলক আয়োজন বন্দরের দৈনন্দিন কার্যক্রমে স্থায়ী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধইয়াংওয়ান নার্সিং কলেজে নার্সেস ডে উদযাপন
পরবর্তী নিবন্ধশুধু চিকিৎসা নয়, অটিজম প্রতিরোধে সামাজিক সুস্থতাও জরুরি