চট্টগ্রাম পাহাড়, সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ঐতিহ্যবাহী নগরী। কিন্তু দুঃখজনকভাবে নগরীর সৌন্দর্য ও পরিবেশ এখন যত্রতত্র লাগানো পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, ফ্লাইওভারের পিলারসহ বিভিন্ন স্থাপনায় নিয়ম–নীতির তোয়াক্কা না করে পোস্টার লাগানো হচ্ছে। বিভিন্ন ব্যক্তি, কোচিং সেন্টার ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক পোস্টারে অনেক এলাকার দেয়াল ও স্থাপনা প্রায় ঢেকে গেছে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। বৃষ্টি ও বাতাসে এসব পোস্টার ছিঁড়ে নালা, নর্দমায় পড়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। আবার পুরোনো পোস্টারের ওপর নতুন পোস্টার লাগানোর ফলে দেয়ালগুলো আরও অপরিচ্ছন্ন হয়ে উঠছে।
এ অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, নগরীর যত্রতত্র পোস্টার ও ব্যানার লাগানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। অবৈধ পোস্টার দ্রুত অপসারণের পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করে পোস্টার লাগাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।












