চট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাটল অব ব্যাচেসের ট্রফি ও জার্সি উন্মোচন

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত ‘ব্যাটল অব ব্যাচেস সিজন–৫ এর ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়া। জুনায়েদ রহমান তানিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. শোয়েব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী এবং সিজেকেএস কাউন্সিলর ও বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। বক্তব্য রাখেন চট্টগ্রাম উইজার্ড সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু। অনুষ্ঠানে প্রতিযোগিতার নীতিমালার ব্যাখ্যা ও দলগুলোর গ্রুপিং পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক সুমন সাহা এবং টুর্নামেন্ট সমন্বয়ক ও সংগঠনের সহ–সভাপতি সাইফুর জামান। টুর্নামেন্টে এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ঢাকার দুটি দল রয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চার সপ্তাহব্যাপী এ আয়োজনের ম্যাচগুলো প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রথম পর্বে ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের আসরের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ১০ ওভারের। সুপার সিক্স পর্বের ম্যাচগুলো হবে ১২ ওভারের। টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো হচ্ছে ফ্রেন্ডস ইউনাইটেড (ঢাকা), মিলেনিয়াম টাইগার্স (ঢাকা), মিলেনা ২০০০, নবারুন ২০০১, নবারুন ২০০৬, উইজার্ড, চট্টগ্রাম ০১০৩, এইচসিএ ০৩, টিম টাইগার্স, কলেজিয়েট রেঞ্জার্স ২০০৪, রেনেগার্ডস ২০০৭ এবং চট্টগ্রাম টাইগার্স। অনুষ্ঠানে চট্টগ্রাম উইজার্ডের সদস্য, টুর্নামেন্টের স্পন্সর, অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও টিম ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএসকেআইএফ বাংলাদেশের কারাতে প্রশিক্ষণ সেমিনার আজ
পরবর্তী নিবন্ধসেন্ট প্লাসিডস স্কুলে কারাতে বেল্ট, সনদ প্রদান অনুষ্ঠান