চকরিয়ায় দেড় ঘন্টার ব্যবধানে দুইটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত আড়াইটা এবং চারটার দিকে পৃথক এই ডাকাতি সংঘটিত হয়। তন্মধ্যে ভোররাত চারটার দিকে চকরিয়া পৌরশহরের বাটাখালী এলাকায় অবস্থিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কারাবন্দি দিদারুল হক সিকদারের পাকা বাড়ির দরজা ভেঙে সশস্ত্র ডাকাতেরা ভেতরে প্রবেশ করে। এ সময় স্ত্রীসহ পরিবার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় তিন লাখ টাকামূল্যের অলংকার, নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং দুটি মোবাইল লুট করে। অপরদিকে রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক লাগোয়া কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকাস্থ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বেদারের বাউন্ডারির গেইট এবং পাকা বাড়ির দরজা খোলা থাকার সুযোগে সশস্ত্র ডাকাতদল ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে লুটপাট করে। এ সময় এই বাড়ি থেকে লুট করা হয় একটি গলার চেইন, এক জোড়া কানের দুল ও দুটি মোবাইল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই বাড়িতে ডাকাতি শেষে দ্রুত স্থান ত্যাগ করে সশস্ত্র ডাকাতদল। ডাকাতির ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ডাকাত কবলিত দুই বাড়ি পরিদর্শন করেছেন। চকরিয়া থানার অপারেশন অফিসার মো. শাহেদ উল্লাহ বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।












