কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চকরিয়ায় রশিদ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলার নবগঠিত পহরচাঁদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ ওই ইউনিয়নের পহরচাঁদা দক্ষিণপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। তিনি রেললাইন ঘেঁষে হাঁটছিলেন।
শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে আসা ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে জানান তিনি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










