চকরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা বলছে পরিবার

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয় গতকাল মঙ্গলবার বিকেলে। যৌতুকের জন্য পরিকল্পিতভাবে ওই বধূকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে বাপের বাড়ির পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া জান্নাত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী। তার শাশুড়ি সাজেদা বেগম ও ননদ সুমি আক্তার জানান, মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ছোট শিশুকন্যাকে খাবার খাওয়ানোর সময় মারধর করে। এ ঘটনায় মন খারাপ করে বাথরুমে ঢুকে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সাদিয়ার পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়, বরং যৌতুকের জন্য সাদিয়াকে হত্যা করা হয়েছে। তার খালা সফুরা বেগম অভিযোগ করে বলেন, সাদিয়ার স্বামী মোহাম্মদ সোহেল বিদেশ যাওয়ার জন্য গত কয়েক দিন ধরে শ্বশুরবাড়ির কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন সাদিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে সাদিয়ার স্বামী বা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের কারোরই বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাঞ্চননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ