‘রক্তদানে নাহি ভয় নতুন সম্পর্ক সৃষ্টি হয়’–এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী নানাবিধ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর চকবাজার প্যারেড মাঠে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ–এর সভাপতিত্ব ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ওমর ফারুখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম শুভাকাঙক্ষী মিনহাজুল ইসলাম চৌধুরী রানা ও উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলাম ও আরিফুল ইসলাম সম্রাট। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি দেব প্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ওবায়দুল্লাহ মোঃ সাকিব। উক্ত প্রোগ্রামে সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, শুভাকাঙক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও স্বেচ্ছাসেবী–শুভানুধ্যায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় ও মুমূর্ষু মানুষের সেবায় নিজেদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকল স্বেচ্ছাসেবক নতুন করে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে অসহায় মানুষদের জন্য সরবরাহ করেছে। সংগঠনটি চট্টগ্রামের চিকিৎসা খাতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু রক্তদানই নয়, বরং ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












