চকবাজার থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার আমানবাজারের জুয়েলার্সে

চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরের চকবাজার থানার ডিসি রোড কালাম কলোনির একটি বাসা থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণ উদ্ধারসহ সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলেনকক্সবাজারের চকরিয়া থানার চকরিয়ার বাসিন্দা মো. রহমত হাসান (২৯) ও বাঁশখালীর পশ্চিম চাম্বলের বাসিন্দা সাজ্জাদ হোসেন প্রকাশ অপূর্ব (২৭)। তারা দুজনই বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করে আসছিল; ওই এলাকা থেকে গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত সময়ে ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনে এরফানুল হক নামের এক বাসিন্দার বাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। চোরের দল তালাবদ্ধ বাসার দরজার হুক ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন এরফান।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ গিয়াস উদ্দিন ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের দুই সদস্যকে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, আসামিরা মোটরসাইকেলযোগে এসে চুরির ঘটনা ঘটায়। ​এরপর ১৫ আগস্ট বায়েজিদ বোস্তামী এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই চোর হাসান ও অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার আমানবাজারের ‘বিএন জুয়েলার্স’এ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও ২ টি চেইন উদ্ধার করা হয়। একই সাথে স্বর্ণ বিক্রির রেজিস্ট্রার খাতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, ধৃতরা নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরির সাথে জড়িত পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি-সিসিটি ইজারা দেওয়ার আগে জাতীয় স্বার্থ বিবেচনার আহ্বান
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ থেকে ৫ দিনে বাজারে গেল ৬৪০ টন মাছ