নগরে ঘরের ভেতরে আটকা পড়া ২২ মাস বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন বেপারি পাড়ার ‘নাজমা টাওয়ারে’ এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুর নাম ম্যা–এ–ছাইং মারমা। সে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকার শিলছড়ি মারমা পাড়ার বাসিন্দা উচিং নু মারমা ও মেসাং নু মারমা দম্পতির সন্তান। তারা পরিবার নিয়ে অক্সিজেন এলাকার ওই ভবনে ভাড়া থাকেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা ঘরের কাজ শেষে বারান্দায় গেলে এক পর্যায়ে অসাবধানতাবশত ঘরের দরজার ছিটকিনি আটকে যায়। শিশুটি ভেতরে একা আটকা পড়ে কাঁদতে শুরু করলে বিষয়টি স্বজনদের নজরে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি দল। সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান আজাদীকে জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর কৌশলগত প্রচেষ্টায় মাত্র পাঁচ মিনিটে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।












