চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি

সংসদে সরোয়ার আলমগীরের বক্তব্য

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামনাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, তার সংসদীয় এলাকা ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথ নির্মাণ জরুরি। চট্টগ্রাম থেকে নাজিরহাটঘাট পর্যন্ত রেলপথ বিদ্যমান থাকলেও বর্তমানে সেখানে ট্রেন চলাচল করছে না। ট্রেন যোগাযোগ কার্যত হাটহাজারীর সরকারহাট পর্যন্ত সীমিত রয়েছে। ফলে নাজিরহাট থেকে ফটিকছড়ি সদর তথা রামগড় পর্যন্ত যাতায়াত সড়ক পথেই সম্পন্ন করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ও ব্যয়দুটিই বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং নিম্নআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি অত্যন্ত দুর্ভোগের। চট্টগ্রামনাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি অর্থনৈতিকভাবেও এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে তিনি সংসদে জানান।

ফটিকছড়িকে কৃষি, চাবাগান, রাবারবাগান ও গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনায় সমৃদ্ধি এলাকা হিসেবে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম(ফটিকছড়ি) একটি সম্ভাবনাময় সংসদীয় এলাকা। এ অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অঞ্চলকে ফলজ ও বনজ, খনিজ সম্পদে ভরা এলাকা হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে ফটিকছড়ির কৃষি, শিল্প, বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে। তাই চট্টগ্রামনাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

পূর্ববর্তী নিবন্ধবিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাত, সাতকানিয়ায় যুবক নিহত
পরবর্তী নিবন্ধঘরে আটকা শিশু, উদ্ধার করল ফায়ার সার্ভিস