গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত : মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা বলেন, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামালকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল পৌনে ১১টায় ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরের রিমান্ড কক্ষে এই আবেদন করা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ধারণা, ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। খবর বিডিনিউজের।

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে। ঘটনার বিবরণে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়। সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন। ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ