গণভোটের রায় কার্যকর ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের আহ্বান

জুলাই বিপ্লব স্মরণে মহানগরী জামায়াতের সমাবেশ

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর শাহ আমানত সেতু সড়ক চত্বরে সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণভোটের রায় কার্যকর এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার বা প্রধানমন্ত্রীর পরিবর্তনের জন্য সংঘটিত হয়নি, এটি ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের আন্দোলন। তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড কখনোই সমর্থন করা হবে না। সরকার জনগণের কল্যাণে কাজ করলে জামায়াত সহযোগিতা করবে, আর জনগণের অধিকারবিরোধী বা ফ্যাসিবাদী ধারায় দেশ পরিচালনার চেষ্টা করলে গণতান্ত্রিক আন্দোলনসংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, আমিরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিকল্প নেই এবং গণভোটের রায় বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ছাড়াই সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে যারা সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে জনগণকে নিরাপদ পরিবেশ উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি যশোরে জামায়াতের একজন সংসদ সদস্যের বাড়িতে এবং হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি জনগণ কখনো মেনে নেবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর