খুঁটি মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ চালু, ঝলসে গেল শ্রমিকের দুই পা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চকরিয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি মেরামতের কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যে একজন শ্রমিক খুঁটির উপরিভাগে উঠে কাজ করছিলেন। তখন ওই গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। তবে হঠাৎ করে গ্রিড সাব স্টেশনে নিয়োজিত কর্মী বিদ্যুতের সংযোগ লাইন চালু করলে উপরিভাগে থাকা শ্রমিকের দুই পা ঝলসে গিয়ে তারের সঙ্গে ঝুলতে থাকেন। এ সময় বিকট শব্দ হলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত গ্রিড সাব স্টেশনে নিয়োজিত কর্মীর উদাসিনতায় ওই শ্রমিক এখন মৃত্যু পথযাত্রী বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গত শুক্রবার দুপুরে চকরিয়া থানা সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে।

গুরুতর আহত ব্যক্তির নাম রুপন চাকমা (২৮)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রনজিত চাকমার পুত্র। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে বিদ্যুৎ বিভাগ সূত্র নিশ্চিত করেছে।

এদিন (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চকরিয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী হৃদয় হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর খবর ছড়ানো হলেও বাস্তবে তা সঠিক নয়। বর্তমানে ওই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং জীবিত রয়েছেন।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য মোবাইলে যোগাযোগ করা হয় চকরিয়াস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সঙ্গে। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তিনি কর্মস্থলে না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধগণভোটসহ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধদলের নাম ব্যবহার করে অপকর্ম করলে বহিষ্কারের দাবি ডা. শাহাদাতের