খুঁজি

মনজুর আলম মঞ্জু | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

শহর জুড়ে খুঁজি তোরে, কোন শহরে তুই?

তোকে পেতে জিইসি মোড়ের শপিং সেন্টার ছুঁই!

কোন গলিতে আছিস রে তুই, কোথায় করিস বাস?

আগ্রাবাদ? হালিশহর? কোথায় কোথায় যাস?

চকবাজার আর আন্দরকিল্লা খুঁজি তোকে সব,

সিআরবি তে কত মানুষ, কত কলরব!

টাইগারপাস দুপুর গড়ায়, বহদ্দারহাটে রাত,

খুলশী এলাকায় খুঁজতে খুঁজতে রাত হলো বরবাদ।

খুঁজি তোকে অলঙ্কার আর কদমতলী গিয়ে,

পতেঙ্গাতেও অনেক খুঁজি, দীর্ঘ সময় নিয়ে।

পাই না কোথাও, পাই না তোকে, কোথায় গেলি বল?

নিউমার্কেটে আর অক্সিজেন, খুঁজেও একই ফলাফল!

সুগন্ধাতে আসিস না আর, কলাতলীতেও খুঁজি,

রিং বাজে না বাটন ফোনে, নেট ছিল যার টুজি।

সেই পুরনো দিন ফেরাতে মনটা ভীষণ চায়,

সুযোগ হলে বলিস এসে, ‘এই তো আমি, আয়!’

পূর্ববর্তী নিবন্ধজীবন : নদীর মত এক অনন্ত যাত্রা
পরবর্তী নিবন্ধবৃষ্টির সাথে সই পাতি কদমের সুবাসে