খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. লিটন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার শিশুটির পিতা বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে অভিযুক্ত মো. লিটন তাকে ভুল বুঝিয়ে রাস্তার পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরিবারের সদস্যরা জানায়, বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় শিশুটির পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।












