খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেল সাড়ে ২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজারের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মহালছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি চাইহ্লাঅং মগ (৩৩)কে আটক করা হয়। তিনি মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। একই দিন রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৯ নম্বর আসামি মো. মুজিবুর রহমান ওরফে মুজিবর রহমান (৪৫)কে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষক লীগের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এদিকে শুক্রবার রাত আড়াইটার দিকে শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সাদেব ওরফে ছাদেক ভূইয়া (৫০)কে আটক করে পুলিশ। তিনি ৬ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি হিসেবে পরিচিত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানায, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪ সালে দায়ের করা একাধিক ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ছাদেক ভূইয়ার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া আরও দুটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।










