ফ্লোরিডার ক্রেস্টহেভেনের কাছে এক আবাসিক এলাকায় একটি বিলাসবহুল ও দ্রুতগতির ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। খবর বিডিনিউজের।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লিয়ারজেট সিক্সটি বিমানটি বিধ্বস্ত হয়, সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। রয়টার্স জানিয়েছে, পোস্টে তিনি এই ঘটনাকে ভয়াবহ শোচনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন–বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দরে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করছে। ফ্লোরিডার পাম বিচ কাউন্টির আবাসিক এলাকা ক্রেস্টহেভেনের যেখানে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার–এ–লাগো অবকাশযান কেন্দ্র।












