যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট নেটোর দৃঢ়সংকল্প পরীক্ষা করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জোটটির কোনও সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এর খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলতি শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে যে কোনও সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ কিংবা সাইবার হামলার মধ্য দিয়ে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিতে পারে।
মার্কিন গোয়েন্দাদের এর আগের মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে জড়ানো অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর কোথাও হামলা চালাবেন না। তবে নতুন প্রতিবেদন মার্কিন গোয়েন্দাদের আগের সেই মূল্যায়নের উল্লেখযোগ্য পরিবর্তনই নির্দেশ করছে।
গত মাসে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উসকানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইউক্রেনের ওপর দোষ চাপানোর জন্য সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনার আভাস পেয়েছে। রাশিয়া নেটো মিত্রদেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ানো এবং যুদ্ধের পঞ্চম বার্ষিকীর আগে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে তাদেরকে বিরত রাখার কৌশল হিসেবে এমন পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করার কথা জানানো হয়েছিল প্রতিবেদনে। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং গত মঙ্গলবার জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়া যাওয়ার পর রাশিয়া এবার নেটোভুক্ত দেশে উসকানিমূলক হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ পেল। জার্মানির বিমানবন্দরে পাওয়া যাওয়া ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেইনীয় বিমান ছিল বলে ধারণা করা হচ্ছে। নেটো জোটের পূর্ব দিকে রাশিয়ার বাড়তে থাকা হুমকি নিয়ে কয়েক মাস ধরেই পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর নেতারা কথা বলে আসছেন।












