কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৩, আহত ৯০

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে ১৩ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেনস্কি। খবর বিডিনিউজের।

ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভ এবং আরও কয়েকটি লক্ষ্যে এসব হামলা চালানো হয়। রাশিয়ার দাবি, সমপ্রতি তাদের বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনের হামলার প্রতিশোধ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স এ এক পোস্টে জানান, রাশিয়ার হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে একটি শিশুসহ পাঁচজন খারকিভ অঞ্চলের আর দুইজন কিয়েভ অঞ্চলের। বাকিরা অন্যান্য অঞ্চলের। এসব হামলায় বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রাতভর সম্ভাব্য আকাশ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যায়ক্রমিক সভাপতিত্বের ছয় মাসের মেয়াদ শুরু উপলক্ষে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে কিয়েভে হামলার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, রাজধানীর একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় সেটির ছয়টি তলা আংশিকভাবে ধসে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, কিইভে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জরুরি সেবা কর্মীরা ধসে পড়া একটি নয় তলা ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকা জানান, কিয়েভে হামলায় দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছে এবং শহরের তিন ডজন স্থান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তৈমুর তকাচেনকা বলেন, শত্রু পক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বেসামরিক মানুষকে হত্যা করেছে। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এর আগের একটি পোস্টে মেয়র ক্লিৎসকো জানিয়েছিলেন, আহতদের মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনের প্যারামেডিক এবং চালকেরাও রয়েছেন। কিছু মানুষ এখনও ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ভেতরে আটকা পড়ে আছেন।

পূর্ববর্তী নিবন্ধআরব সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, এক সেনা নিখোঁজ
পরবর্তী নিবন্ধহরমুজ, জব্দ সম্পদ নিয়ে আলোচনাতেই শেষ হল যুক্তরাষ্ট্র-ইরান দোহা বৈঠক