উজবেকিস্তানকে উড়িয়ে বাংলাদেশ তাকিয়ে ছিল আরেক সেমি–ফাইনালের দিকে। সেখানে চমকপ্রদ কিছু ঘটেনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে পাকিস্তান। তাতে, কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের দেখা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের। ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় গতকাল মঙ্গলবার প্রথম সেমি–ফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে গুঁড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে উজবেকিস্তানকে এবার পাত্তাই দেয়নি বাংলাদেশ। শুরুর সেট হরসিত–সুজনরা জিতে নেন ২৫–২১ পয়েন্টে। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রেখে তারা জিতে ২৫–২০ ব্যবধানে। ম্যাচ বাঁচিয়ে রাখতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতেই হত উজবেকিস্তানকে। শুরুর দিকে তারা প্রতিরোধও গড়ে কিছুটা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে তাদের প্রতিরোধের দেয়াল ভেদ করে একের পর এক পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। ২৫–১৯ ব্যবধানে জিতে ওঠে শিরোপা মঞ্চে। শ্রীলঙ্কাকে একই ব্যবধানে উড়িয়ে দেয় পাকিস্তান। রাউন্ড রবিন লিগে বাংলাদেশকে একমাত্র হারের তেতো স্বাদ দিয়েছিল পাকিস্তান। সেবার ৩–০ সেটে স্বাগতিকদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। বুধবারের ফাইনালটি তাই হরসিত–সুজনদের জন্য মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগও। ছয় দলের এই টুর্নামেন্টে পাকিস্তান ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। রাউন্ড রবিন লিগ ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবগুলো জিতেছে স্বাগতিকরা।










