চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চলা একটি মাদক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। নেভী হাসপাতাল গেট এলাকায় অভিযান চালিয়ে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) নির্দেশনার আলোকে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই (নিঃ) সিফাতুল্লাহ এবং এএসআই (নিঃ) মো: সোহাগ হোসেনসহ পুলিশের একটি টিম নেভী হাসপাতাল গেট এলাকায় ওই নারীর বাসায় তল্লাশি চালায়।
ইপিজেড থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী এলাকায় মূলত কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বাসায় বিক্রির জন্য বিপুল পরিমাণ কাপড়ের সমাহারও দেখা যায়। কিন্তু মূলত এই কাপড়ের ব্যবসার আড়াল ব্যবহার করেই তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ প্রশাসন সাধারণ জনগণকে সচেতন ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।













