কাপ্তাইয়ে জানালার গ্রিল কেটে বিদ্যালয়ে চুরি

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরের দল বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের রুমে ঢুকে বিভিন্ন মালামাল এবং বৈদ্যুতিক ক্যাবল নিয়ে যাওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনের পানির কলসহ বিভিন্ন মালামাল চুরি করে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বলেন, গত রোববার দিবাগত রাতে চুরির এই ঘটনা ঘটেছে। নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে সরকারি ঘোষণা অনুযায়ী রোববার থেকে বিদ্যালয় বন্ধ রয়েছে। গতকাল সোমবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের কোচিং করানোর জন্য স্কুলে এসে দেখি, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের রুমে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিক্স, রাউটার, তবলাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) সহমহাব্যবস্থাপক তীর্ত জিৎ রায় বলেন, বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরি ছুটিতে ছিলেন। কিন্তু তার পরিবর্তে যার দায়িত্ব পালন করার কথা ছিল তিনি যথাযথ দায়িত্ব পালন না করায় এই চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। যথাযথ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে ভোটের প্রচার, ছাত্রদল নেতাকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুদকে অভিযোগ