কাপ্তাই ফ্লোটিং প্যারাডাইজে রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে গতকাল বুধবার উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সহ–ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কেপিএমের মহাব্যবস্থাপক (বানিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান।
রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপিএমের মহাব্যস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত, মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা, কেপিএম স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক হারুন আল রশীদ ও দ্বীন মোহাম্মদ।
বৈঠকে অতিথিরা বলেন, কাপ্তাই বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্যমন্ডিত উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই উপজেলাকে একটি সমৃদ্ধ উপজেলা বলা যেতে পারে। উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড অতীতে এই উপজেলায় হয়েছে। তবে আরো উন্নয়ন করার জায়গা এই উপজেলায় রয়েছে। উন্নয়নের ধারা আরো বৃদ্ধি করার জন্য কর্ণফুলী পেপার মিলকে পুরোদমে চালাতে হবে। কেপিএম এবং বিএফআইডিসি এই শিল্প করাখানা দুটিতে লোকবলের প্রচুর ঘাটতি রয়েছে। অবশ্য লোকবল ঘাটতি নিয়ে বিএফআইডিসি লাভজনক শিল্প কারখানা হিসেবে চলমান থাকলেও এখানেও দক্ষ লোকবল নিয়োগ করা একান্ত প্রয়োজন। কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু ড্রেজিংয়ের অভাবে কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। জরুরি ভিত্তিতে সমগ্র কাপ্তাই লেকে ড্রেজিং করা প্রয়োজন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। সিজনে কাপ্তাইয়ে বিপুল পরিমাণ আম উৎপন্ন হয়। কিন্তু এখানে কোনো হিমাগার নেই। হিমাগার না থাকায় উৎপাদিত আম ও কাঁঠাল যথাযথভাবে সংরক্ষণ করা যায় না। একটি উন্নত মানের হিমাগার নির্মাণ করা গেলে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উপজেলার সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড থমকে আছে লিচুবাগান ফেরি ঘাটে। এই ফেরিঘাটে সেতু না থাকায় কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করা যাচ্ছে না। তাছাড়া এই ফেরীর সাথে তিন পার্বত্য জেলার সার্বিক যোগাযোগ নির্ভর করছে। দ্রুততম সময়ের মধ্যে লিচুবাগানে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করার জন্য বক্তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন ইতিবাচক কার্যক্রম থেকে উপজেলার সার্বিক উন্নয়নের ধারা জোরদার হবে।












