কাজীর দেউড়ি এসএ পরিবহনের গাড়ি পার্কিং থেকে ২২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট জব্দ করেছে র‌্যাব৭। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা এসব সিগারেট এসএ পরিবহনের গাড়ি পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, কাজীর দেউড়ি এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট কেনাবেচা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব৭ এর অভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ব্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ওরিস ব্র্যান্ডের ৪ হাজার ৭০০ প্যাকেট, প্যাট্রন ব্র্যান্ডের ২ হাজার ৯৪০ প্যাকেট, এসই লাইটস ব্র্যান্ডের ৩৭০ প্যাকেট, মেলানো ব্ল্যাক ব্র্যান্ডের ২৩০ প্যাকেট, ম্যানচেস্টার ব্র্যান্ডের ১৮০ প্যাকেট, মন্ড সুপার স্লিমস ব্র্যান্ডের ১২০ প্যাকেট এবং মন্ড সিলভার ব্র্যান্ডের ৫০ প্যাকেট।

তিনি আরও বলেন, জব্দ করা বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত
পরবর্তী নিবন্ধএবার সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ-ভাঙচুর