কর্ণফুলীতে বাথরুমে মিলল যুবকের ঝুলন্ত লাশ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে মো. আরমান (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উকিল মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ এবং স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।

নিহত আরমান ওই এলাকার মো. ফোরকানের ছেলে। পেশায় তিনি দর্জি ছিলেন। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন আরমান।

ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই মাহিন সরওয়ার বলেন, ঘটনা রাতে হলেও এর আগে দিনের বেলায় পরিবারের সদস্যরা তাদের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যায়। পরে সবাই সবার মত ঘুমালে আরমান রাত ১২টার দিকে বাথরুমে ডুকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। পরে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ওয়াশরুমের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার তদন্তে থাকা কর্ণফুলী থানার এসআই জয়নাল আবেদীন বলেন, পরিবার লাশ ময়নাতদন্ত প্রথমে করতে না চাইলেও পরবর্তীতে ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়। লাশের ময়নাতদন্ত রবিবার (আজ) করা হবে। ঘটনার বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

থানার ওসি নূর আহমেদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধডিবির হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরি খোয়ালেন
পরবর্তী নিবন্ধটাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৬