আগামী ৩ নভেম্বর ওয়ান হেলথ ডে বা এক স্বাস্থ্য দিবস ২০২৬। এ উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ওয়ান হেলথ ইনস্টিটিউট নানা কর্মসূচির আয়োজন করেছে। গতকাল অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। কাস্টমস্ ল্যাবরেটরি স্কুলসহ দুটি স্কুলের ১৩৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শূন্য থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী এক স্বাস্থ্যবিষয়ক তিনটি ভিন্ন প্রসঙ্গ নির্ধারণ করা হয়। শূন্য থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল একজন ব্যক্তির অসুস্থ গরু ও অপরিচ্ছন্ন কুকুর দেখে মন খারাপ হওয়ার পরিস্থিতি। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিষয় ছিল ‘প্রাণীর চোখে মানুষের পৃথিবী’। অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল ‘২০ বছর পরে তোমার চোখে বাংলাদেশ কেমন হবে?’ এ আয়োজনে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অংশগ্রহণ করেন কাস্টমস্ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা মেরি দত্ত। ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেলের শিক্ষার্থী ও ওয়ান হেলথ্ ইয়ং ভয়েস বাংলাদেশের সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।












