কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর হুঁশিয়ারি

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ টোকেন বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পরিবহন চালক ও মালিকদের হয়রানি রোধে পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মশিউর রহমান।

সভায় টিআই মশিউর রহমান বলেন, “কর্ণফুলীতে কোনো ধরনের মাসিক বা দৈনিক টোকেন, স্টিকার কিংবা জিপি-র নামে অবৈধ অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ টোকেন বাণিজ্য কিংবা চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও টোকেন না থাকার অজুহাতে কোনো যানবাহনকে মামলা না দিতে বা জব্দ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কে কেউ টোকেন বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অথবা স্থানীয় প্রশাসনে সরাসরি বা গোপনে অভিযোগ জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে চালকদের উদ্দেশে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “সাম্প্রতিক সময়ে একটি অপরাধী সিন্ডিকেট সক্রিয় হয়েছে। তারা মইজ্জ্যারটেক থেকে যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে। এমনকি চাহিদামতো টাকা দিতে অপারগ হলে যাত্রীদের ওপর হামলা ও হতাহতের ঘটনাও ঘটছে।”এ ধরনের অপরাধের সাথে জড়িতদের সতর্ক করে তিনি জানান, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যসহ স্থানীয় সিএনজি অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফারুক মহল
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব ইসলামাবাদের রোটারি স্কুল পরিদর্শন