রাঙ্গামাটি জেলা পুলিশ আয়োজিত রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ম বারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশের কাবাডি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে জুরাছড়ি উপজেলা বালক দল। গত ২৩ সেপ্টেম্বর জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা কাউখালী উপজেলা বালক দলকে পরাজিত করে। গতকাল একই সাথে বালিকা দলেরও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের ফাইনালে কাউখালী বালিকা দলকে পরাজিত করে জুরাছড়ি বালিকা দল চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) হাসান রাশেদ পরাগ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এইচ এম মাহমুদ।













