টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম–কক্সবাজার রুটে আজ রোববার থেকে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ। গতকাল চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে চান্দগাঁওয়ের শমসেরপাড়া এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, রেললাইনে পানি উঠে যাওয়ায় গত মঙ্গলবার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ আমরা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি। যেখানে কিছু সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার (আজ) থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেন এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চারটি ট্রেনের চলাচল স্থগিত করে রেলওয়ে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করা হলেও ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল স্বাভাবিক রাখা হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, রেললাইন নিরাপদ রয়েছে কি না তা নিশ্চিত হয়েই ট্রেন চলাচল শুরু করা হবে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আজ থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।











