টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা তারেক রহমানের শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব এইচএসসি পরীক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য।
বৈরী আবহাওয়া, টানা বর্ষণ ও বন্যার কারণে এসব জেলার অনেক এলাকায় জলাবদ্ধতা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিতের কথা নিশ্চিত করেছেন।











