ওয়ামির প্রতিনিধি দলের আইআইইউসি সফর

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথের (ওয়ামি) প্রতিনিধি দলের অংশগ্রহণে একটি ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সৌদি আরবের রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের প্রফেসর ড. আবদুল আজিজ বিন মোহাম্মদ আলজিবরিন এবং ওয়ামির শিক্ষা বিষয়ক বিভাগের পরিচালক ড. মাহমুদ মুহাম্মদ শরফ। বক্তারা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আইআইইউসির অবদানের প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিকীকরণ কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক পরিমণ্ডলে আইআইইউসির অবস্থান আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ... শামসুল ইসলাম ওয়ামি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইআইইউসি সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। মুসলিম বিশ্বের তরুণদের কল্যাণে ওয়ামি বিশ্বজুড়ে যে প্রশংসনীয় ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

এ সময় প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলীর সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.), ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং ওয়ামির প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠানে আইআইইউসির ওপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানের সভাপিতি প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলী বলেন, আইআইইউসি পরিবারের পক্ষ থেকে ওয়ামির প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ওয়ামি ও আইআইইউসির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠান শেষে ওয়ামির প্রতিনিধি দল আইআইইউসির বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক স্থাপনা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের এ সফর দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদ ছুটিতে পরিবার পরিকল্পনার বিভিন্ন প্রতিষ্ঠানে নরমাল ডেলিভারি ১২৬টি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পেস বোলিংয়ের দায়িত্বে তালহা জুবায়ের, চলে গেলেন শন টেইট