ঢাকায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের দ্বিতীয় রাউন্ডের খেলায় বড় সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। ওমর হাসান ও সাইফুল ইসলামের জোড়া ফিফটিতে রাজশাহী দ্বিতীয় একাদশের বিপক্ষে ৮০.১ ওভারে ৬ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। জবাবে প্রথম দিনের খেলা শেষে ৭ ওভারে বিনা উইকেটে ২৫ রান করেছে রাজশাহী। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে কাফিল উদ্দিন ও অধিনায়ক সাদ্দাম হোসেন যোগ করেন ৬৩ রান। ৩৪ রান করে কাফিল ফিরলেও সাদ্দাম খেলেন ৪৭ রানের ইনিংস। তিনে নেমে ইরফান সাবরি করেন ৪১ রান। এরপর দলের রান বাড়ানোর দায়িত্ব নেন ওমর ও সাইফুল। চতুর্থ উইকেটে দুজনের ১১২ রানের জুটি চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৭৮ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৪ রান করে আউট হন সাইফুল। অন্য প্রান্তে দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন ওমর। ১৪৭ বলের ইনিংসটি সাজান ৮ চার ও ২ ছক্কায়। লোয়ার অর্ডারে পরান ৩২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৫টি ছক্কা। শাহরিয়ার আহমেদ ২৯ রানে অপরাজিত থাকলে ৩৭১ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। রাজশাহীর বোলারদের মধ্যে শ্রাবণ ও মো. মাহফুজুল ইসলাম নেন ২টি করে উইকেট। সুজন হাওলাদার ও মো. শাহাদাত হোসেন সবুজের শিকার একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেছে রাজশাহী। দিন শেষে ইমন আলী ১৫ ও সাজিদ হাসান ১০ রানে অপরাজিত আছেন। দলের সংগ্রহ বিনা উইকেটে ২৫ রান।












