শেষ পর্যন্ত ভক্তদের মুখে হাসি ফুটিয়ে বিশ্বকাপে নামতে চলেছেন লিওনেল মেসি। তবে এটিই তার শেষ বিশ্বকাপ। আরও একবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নামছেন লিও। এবারের বিশ্বকাপে পাঁচটি রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম খোদাই করতে পারেন তিনি।
সবচেয়ে বেশি ম্যাচ : বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যেই নিজের দখলে নিয়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সাল মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। এবার সেই সংখ্যা আরও বাড়বে। ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন তিনি। পাশাপাশি এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুলেরমো ওচোয়াও এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে নামবেন। এই তিন ফুটবলার ছাড়া আর কেউ ছয়টি বিশ্বকাপে খেলেননি।
সবচেয়ে বেশি গোল : বিশ্বকাপে ১৩টি গোল করেছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোজের। ১৬টি গোল করেছেন তিনি। আর চারটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন মেসি। গ্রুপ পর্বে তিন ম্যাচে আর্জেন্টিনার যা প্রতিপক্ষ তাতে গ্রুপ পর্বেই এই রেকর্ড গড়তে পারেন মেসি।
পাঁচ বিশ্বকাপে গোল : ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনও গোল করতে পারেননি তিনি। এবার যদি মেসি গোল করেন তা হলে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়বেন তিনি। এই নজির খালি রয়েছে রোনালদোর। পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করেছেন তিনি।
ম্যারাদোনাকে ছাপিয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট : বিশ্বকাপে আটটি গোল করিয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে যৌথভাবে মেসি ও ম্যারাদোনার দখলে। দুজনেই আটটি করে গোল করিয়েছেন। এই বিশ্বকাপে আর একটি গোল করালেই ম্যারাদোনা ছাপিয়ে যাবেন তিনি। আর দুটি গোল করালে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার নামে লেখা থাকবে।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় : এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে জোড়া ফুটবল বিশ্বকাপ কেউ জিততে পারেননি। মেসি যদি এবার চ্যাম্পিয়ন হতে পারেন, তা হলে অধিনায়ক হিসাবে একমাত্র তিনিই দুটি বিশ্বকাপ তুলবেন। যদি এবার আর্জেন্টিনা ফাইনালে ওঠে তা হলে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি বিশ্বকাপে তিনবার দলকে ফাইনালে তুললেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে তার নেতৃত্বেই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একবার জিতেছে তারা। একবার রানার্স হয়েছে।











