বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। এ ঘটনায় ধর্ষক বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানা ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিজিবি কাজ করছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পাশ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুটি ঘুমাতে গেলে শিশুটির যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন পরিবারের কাছে। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।
ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে। অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা থানার সামনে এসে হট্টগোল শুরু করে।
স্থানীয় উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ রোববার সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।
থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগো পাশ্ববর্তী বড়ুয়া কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলাও হয়েছে। স্থানীয় উত্তেজিত থানা এলাকায় হট্টগোলে করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।












