ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাহাড়তলী থানাধীন একে খান মোড়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এছাড়া দুইপাশে মাঝারি ও ভারী শিল্পকারখানা থাকায় হাজার হাজার মানুষ কর্মসংস্থানের জন্য এখানে বসবাস করেন। গার্মেন্টসসহ অন্যান্য শিল্পকারখানা ছুটির সময় যাত্রীদের চাপ বেড়ে যায়। পাশাপাশি এই এলাকায় বাস স্টপ ও বিভিন্ন কাউন্টার থাকায় যাত্রীদের চাপ লেগে থাকে প্রতিনিয়ত।
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমবে, শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষ নিরাপদে রাস্তা পার হতে পারবেন এবং যান চলাচলেও শৃঙ্খলা বজায় থাকবে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি একে খান মোড়ে দ্রুত একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক।
চন্দন দেব নাথ
ষোলশহর,
চট্টগ্রাম।











