একা বসে আছে

জয়দেব কর | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

এই বিকেলে ওখানে

কার আসার কথা ছিল?

দরোজায় কড়া নেড়ে যাবে,

অথবা ধাতব কলিং বেল টিপে

এই গার্হস্থ্যের গৈরিক আরাধনা

ছুয়ে যাবে কে?

এখানে ডাহুকের সতর্ক পদক্ষেপের মতো

সন্ধ্যা ঘনায়, বাঘঘোনায় বেজে ওঠে

প্রেমতলার বিরহী দোতারা,

অথচ এই এসব আপাতবিদ্রোহী বিকেল

পেরিয়ে রাতের কোলে ওঠা শহরের

কোথাও যায়নি পাওয়া আমাকে।

হাতির বাংলো পেরিয়ে লেডিস ক্লাবু

রেডিসন মেহেদীবাগ অথবা কর্ণফুলীর তীর

কোথাও কেউ নেই।

কেউ আসে না। সন্ধ্যা নামে।

কেউ নেই। রাষ্ট্রের মতো সবাই নিখোঁজ!

আমিও নিখোঁজ।

এই সন্ধ্যায় কেউ আসে না।

একা একা বসে আছে বোকা কলিংবেল।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধদৃশ্য পতনের আড়ালে