এক হাজার টাকার জন্য চোরাই গরু নিয়ে যাচ্ছিলেন তরুণী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১০ মে, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মাত্র এক হাজার টাকার বিনিময়ে পথচারী সেজে চুরির গরু পার করে দিচ্ছিলেন এক তরুণী। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার দুপুরে আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) এলাকায় নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

কেইপিজেড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ২৪২৫ বছর বয়সী ওই তরুণী একটি দেশি গরু নিয়ে শিল্পজোন সড়ক দিয়ে কর্ণফুলী উপজেলার দিকে যাচ্ছিলেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় কেইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই তরুণী স্বীকার করেন, এক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা পাওয়ার চুক্তিতে তিনি গরুটি টেনে নিয়ে যাচ্ছিলেন। তবে জেরার মুখে তিনি একেকবার একেক নাম বলছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেইপিজেডের নিরাপত্তা কর্মী মো. ছৈয়দ বলেন, খবর পেয়ে বৈরাগ ইউনিয়ন থেকে গরুর মালিক এসে স্থানীয়দের সহায়তায় তরুণীসহ গরুটি নিয়ে যান। স্থানীয়ভাবে জানা গেছে, পরে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধটিকা সংকট ও হামে শিশু মৃত্যুতে গাফিলতি দেখতে তদন্ত হচ্ছে : স্বাস্থ্য সচিব
পরবর্তী নিবন্ধক্রিকেট কোচ ফিরোজ খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল