এইচএসসির ফল আগামী নভেম্বরের মাঝামাঝি

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫৫ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান গতকাল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। এরপর নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। খবর বাংলানিউজের।

বোর্ড সূত্র জানায়, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কঙবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য আগামী ২৪ আগস্ট বিশেষ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ জেলায় গ্রেপ্তার ২৫৫, ১৪১ জনকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইআরএলের এমডি পদে আরো দুই বছরের জন্য নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত