১১ জেলায় গ্রেপ্তার ২৫৫, ১৪১ জনকে কারাদণ্ড

মাদকবিরোধী বিশেষ অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এগারো জেলায় ২৫০টি অভিযান পরিচালনা করে ৩০ হাজার ২১০ পিস ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, তিন বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএসআরএমের চালান থেকেচুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধএইচএসসির ফল আগামী নভেম্বরের মাঝামাঝি