উরুগুয়ের কোচ এখন দিয়েগো ফোরলান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন সাবেক ফুটবলার দিয়েগো ফোরলানকে কোচ হিসেবে বেছে নিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, অনূর্ধ্ব২০ এবং জাতীয় দলদুই দলেরই দায়িত্ব নিয়েছেন ফোরলান। ২০১০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জয়ী ৪৭ বছর বয়সী ফোরলানের সঙ্গে সপ্তাহের পর সপ্তাহ আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেলেও চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের দায়িত্বে থাকবেন তিনি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বশেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের। খেলোয়াড় হিসেবে ফোরলান উরুগুয়ের সর্বকালের সেরাদের একজন। ১১২ ম্যাচে ৩৬ আন্তর্জাতিক গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে করেছিলেন ৫ গোল, জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও।

লুইস সুয়ারেজের সঙ্গী হয়ে ২০১১ কোপা আমেরিকা জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পেনে ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে খেলার সময় দুবারই জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০২০৩ মৌসুমে জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা।

পূর্ববর্তী নিবন্ধলাইন-লেন্থ বজায় রেখে বল করেছে বোলাররা : হাসান
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে তাইজুলের আঙুলে চোট