‘ইত্যাদি’ এবার নরসিংদীতে

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

একসময় বড় বড় মিলনায়তনেই ধারণ হতো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। তবে সেই গণ্ডি পেরিয়ে বহু বছর ধরেই দেশের বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের গল্পকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটির নির্মাণে ভিন্ন মাত্রা যোগ করেছেন হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবার ইত্যাদি পৌঁছে গেছে প্রাচীন জনপদ নরসিংদীতে। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ধারণ করা হয়েছে অনুষ্ঠানের নতুন পর্ব। আগামী ৫ জুন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এটি। নরসিংদী পর্বে বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন জেলারই কৃতী সন্তান ইমন চৌধুরী। তার দল ‘বেঙ্গল সিম্ফনিকে সঙ্গে নিয়ে তিনি পরিবেশন করেছেন একটি লোকফিউশনধর্মী গান। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমন চৌধুরী নিজেই। এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে থাকছে একটি পরিচিতিমূলক নৃত্যগীতি। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নির্মিত পরিবেশনার কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। বরাবরের মতো এবারের পর্বেও স্থানীয় ইতিহাসঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। উয়ারীবটেশ্বর প্রত্নস্থল, নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুসহ জেলার নানা বৈশিষ্ট্য উঠে আসবে বিভিন্ন প্রতিবেদনে।

পূর্ববর্তী নিবন্ধশীঘ্রই আগ্রাবাদ জাম্বুরি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হবে
পরবর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর