ইউক্রেনের শহর কোস্তিয়ান্তিনিভ্‌কা দখলের দাবি রাশিয়ার

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কৌশলগত শহর কস্তানতিনিউকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ সামরিক বাহিনী। খবর বিডিনিউজের।

শুক্রবার একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ বিষয়ক প্রতিবেদন জমা দেন শীর্ষ কমান্ডাররা। পুতিন এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে প্রশংসা করেছেন। তবে ইউক্রেন এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পঞ্চম বছরে পদার্পণ করা এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে দেওয়া প্রতিবেদনে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, পুরো দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনীর সাউদার্ন গ্রুপ আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সেনারা শত্রুপক্ষের অন্যতম প্রধান রক্ষণাত্মক ঘাঁটি কোস্তিয়ান্তিনিভ্‌কা শহরটি মুক্ত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে বিধ্বস্ত বিভিন্ন ভবনের পাশে রুশ সেনাদের জাতীয় পতাকা ধরে থাকতে দেখা গেছে। এছাড়া গেরাসিমভ জানান, রুশ বাহিনী উত্তর দিকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত লিম্যান শহরের দিকে অগ্রসর হচ্ছে, যা পরবর্তী অভিযানের জন্য রসদ সরবরাহ ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধসভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
পরবর্তী নিবন্ধটেক্সাসে হচ্ছে গুগলের বিশাল ডেটা সেন্টার, বাড়ছে পরিবেশগত ঝুঁকি