ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হতে চলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটিই মনে করেন বলে শনিবার জানিয়েছেন। মস্কোর বিজয় দিবসের কুচকাওয়াজ থেকে ইউক্রেন যুদ্ধে জয়ের প্রত্যয় ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করেন তিনি। খবর বিডিনিউজের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের স্মরণে রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়। গত কয়েক বছরের তুলনায় রাশিয়ার এবারের বিজয় দিবসের অনুষ্ঠান ছিল অনেকটাই অনাড়ম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষ হতে চলেছে। তাছাড়া, নতুন করে ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেন তিনি। সেক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার তার কাছে পছন্দনীয় বলে জানিয়েছেন পুতিন। ২০২২ সালে ইউক্রেনে শুরু করা রাশিয়ার সামরিক অভিযান মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন তৈরি করেছে। ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখন স্থগিত আছে। তবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বারবারই করে এসেছেন পুতিন। শনিবার ক্রেমলিনে বসে দেওয়া বক্তব্যে ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণও ব্যাখ্যা করেন রাশিয়ার প্রেসিডেন্ট।














