ইউএসটিসি হাসপাতালের নিচ থেকে নারীর লাশ উদ্ধার

শরীরে গুরুতর আঘাতের চিহ্ন, পরিচয় জানা যায়নি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) হাসপাতালের নিচ থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে। রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভিকটিমের নামপরিচয় জানা যায় নি। সেই সাথে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার পরবর্তী অজ্ঞাত লাশটিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান। ওসি বলেন, ইউএসটিসি হাসপাতালের নিচ থেকে আমরা একজন নারীর লাশ উদ্ধার করেছি। লাশের মাথার মগজ বের হয়ে গেছে। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি নির্ণয় করার চেষ্টা চলছে। হাসপাতালের উপর থেকে লাফ দিয়েছে কি না বা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কি না বা ২ তলা থেকে পড়েছে কি না কিংবা ৩ তলা থেকে পড়েছে কি না সেসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। ঠিক কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি এখনো নির্ণয় করা যায়নি। তিনি বলেন, ভিকটিম ইউএসটিসির ছাত্রী না কি কারো আত্মীয় কিংবা অন্য কেউ ছিলেন কি না সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্তের পরে এসব বিষয়ে বলা যাবে। সার্বিক বিষয়ের তদন্ত চলছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে পুত্রের হাতে পিতা খুন
পরবর্তী নিবন্ধবেখেয়ালে ছেলের নাকে নরসলের বদলে মায়ের চোখের ড্রপ