ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্বে ফ্লেমিং, নেতৃত্বে রুট

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

ইংল্যান্ড জাতীয় দলের নতুন টেস্ট কোচ নিযুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। অন্যদিকে বেন স্টোকসের আকস্মিক অবসরের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদে আবারও ফিরিয়ে আনা হয়েছে জো রুটকে। ৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো আন্তর্জাতিক কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ না করলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ ১৭ বছরের মেয়াদে চেন্নাই সুপার কিংসকে রেকর্ড ৫টি শিরোপা জিতিয়েছেন তিনি। সমপ্রতি বাজে পারফরম্যান্সের কারণে ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত করা হলেও, তিনি সাদা বলের (ওয়ানডে ও টিটোয়েন্টি) কোচ হিসেবে বহাল থাকছেন। ইংল্যান্ডের ইতিহাসে ৬৫ টেস্টে সর্বোচ্চ ২৭টি জয় পাওয়া ৩৫ বছর বয়সী জো রুট এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলেছেন। গত জুনে বেন স্টোকস হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রুটকে আবারও এই লাল বলের দায়িত্ব দেওয়া হলো। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ফ্লেমিং বলেন, ‘বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্মানজনক এই কোচিং পদে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও রোমাঞ্চিত। বর্তমান দলের লক্ষ্য শুধু এখনই জেতা নয়, বরং মধ্যম ও দীর্ঘমেয়াদে দলটিকে এক শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।’

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ গেমস ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল রনি ১৮তম
পরবর্তী নিবন্ধএশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব