চলে গেলেন ইংলিশ গিটারিস্ট, গায়ক–গীতিকার ডেভ মেসন। ১৯৬৭ সালে রক ব্যান্ড ‘ট্রাফিক’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্যান্ডের দুটি হিট গানের এই রচয়িতার জীবনাবসান হয় গত ১৯ এপ্রিল। তার বয়স হয়েছিল ৭৯ বছর। খবর বিডিনিউজের।
মেসন পরিবারের একজন মুখপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে ডেভ মেসনের মৃত্যুর খবর জানাচ্ছি। নেভাদার গার্ডনারভিলের বাড়িতে শান্তিপূর্ণভাবে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত খ্যাতিমান গীতিকার, সঙ্গীতশিল্পী, গায়ক এবং লেখক।
১৯৪৬ সালের ১০ মে ইংল্যান্ডের ওরচেস্টারে জন্ম ডেভ মেসনের। ‘ট্র্যাফিক’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ২০০৪ সালে ‘রক অ্যান্ড রোল হল অব ফেমে’ নাম ওঠে তার। যুক্তরাজ্যের মিডল্যান্ডসে গড়ে ওঠা ব্যান্ডটিতে মেসনের সঙ্গে ছিলেন স্টিভ উইনউড, জিম ক্যাপাল্ডি এবং ক্রিস উড। মেসন ১৯৬৮ সালে ব্যান্ডের স্মরণীয় হিট গান ‘ফিলিন’ অলরাইট?’ রচনা করেন, যা পরে রক গানের মান নির্ধারক এবং প্রয়াত সঙ্গীতশিল্পী জো ককারের অন্যতম সিগনেচার গান হয়ে উঠেছিল।














