আবারও ইংল্যান্ডের পেস বোলিংয়ে গুঁড়িয়ে গেল পাকিস্তানের ব্যাটিং। এবার দেড়শ রানও করতে পারল না তারা। আড়াই দিনেই টেস্ট জিতে গেল ইংলিশরা। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের দ্বিতীয় অধ্যায় শুরু হলো দুর্দান্ত এক জয় দিয়ে। হেডিংলি টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথম দিন ১৭১ রানে অলআউট হওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৫ রানে। একমাত্র ইনিংসে ইংল্যান্ড করে ৪০৯ রান। প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও অলি রবিনসন। এবার তাদের চার পেসার মিলে ভাগ করে নিয়েছেন ১০ উইকেট। টাং ও রবিনসনের শিকার এবার ৩টি করে। জফ্রা আর্চারও নিয়েছেন ৩টি, গাস অ্যাটকিনসন একটি। তৃতীয় দিনে দুই উইকেট হাতে রেখে চারশ পার করার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। সফল হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়ে ইংলিশরা ২৩৮ রানের লিড নেয়। ৮ উইকেটে ৩৬৬ রানে শুক্রবারের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৯৫ রানে এগিয়ে ছিল তারা। হ্যারি ব্রুক (৯১), নতুন তিন নম্বর জর্ডান কক্স (৭৩), অধিনায়ক জো রুট (৬৬) ও ড্যান লরেন্স (৫১)-চার ব্যাটারের ফিফটি কার্যকরী ভূমিকা রাখে। দুই বছরে দ্বিতীয়বার ব্রুক টেস্টে নব্বইয়ের ঘরে আউট হলেন। জেমি স্মিথ ২৫ রানে থামেন। টাংকে বোল্ড করে খুররাম ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। আলী উসমান ৫ উইকেট পান। খুররাম নেন তিন উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। লাঞ্চের আগে ৫১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। ইমাম উল হক দ্বিতীয় ওভারে ৫ বল খেলে ডাক মারেন। আজান আওয়াইজ ৯ রানে আর্চারের দ্বিতীয় শিকার হন। আব্দুল্লাহ শফিক (১৫) রবিনসনের কাছে উইকেট হারান। ৩ উইকেটে ৫৯ রানে লাঞ্চে যায় পাকিস্তান। দ্বিতীয় সেশনে টাং নতুন করে ধস নামান সফরকারীদের ব্যাটিং লাইনে। ১১ বলের ব্যবধানে ৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে খাদের কিনারায় নেন ইংলিশ পেসার। দুটি ভিন্ন ওভারে সৌদ শাকিল, শান মাসুদ ও সালমান আগাকে নিজের শিকার বানান টাং। আলী উসমানকে সাজঘরে পাঠিয়ে পাকিস্তানের সপ্তম উইকেট পান রবিনসন। টাংয়ের এক ওভারে দুটি চার মেরে আগ্রাসী হয়ে ওঠার পরই ফিরে যান খুররাম। ১১১ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে লড়াইয়ের ইঙ্গিত দেয়। তাকে ৪১ রানে ফেরান গাস অ্যাটকিনসন। আর্চার জয়ের আনুষ্ঠানিকতা সারেন মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রবিনসন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।












