আমবাগান-ঝাউতলায় রেলের অভিযান ১৫০ দোকান ও ঝুপড়ি উচ্ছেদ

১ একর জমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

নগরীর আমবাগান ও ঝাউতলা এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলের ভূসম্পত্তি বিভাগ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে আমবাগান এবং ঝাউতলা এলাকায় সড়কের দুইপাশে থেকে দেড়শটি ছোট–বড় দোকান–ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়।

মো. খোরশেদ আলম চৌধুরী আজাদীকে জানান, আমবাগান এলাকায় রেলওয়ের জমি থেকে উচ্ছেদ অভিযানে ৭০টি ছোট–বড় দোকান–টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৪০ শতক জমি উদ্ধার করা হয়েছে। ঝাউতলা এলাকায় অপর অভিযানে ৮০টি ছোট–বড় দোকান–টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৬০ শত জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সব মিলে মোট ১৫০টি কাঁচা–পাকা দোকান, ঝুপড়ি ও টিনশেড ঘর এবং এক একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে সিএমপির পুলিশ, জিআরপি পুলিশ এবং আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচবি শহীদ আব্দুর রব হলে বৈদ্যুতিক ভোল্টেজ বিপর্যয় শিক্ষার্থীদের ডিভাইস নষ্ট
পরবর্তী নিবন্ধবিএনপির সভায় জাইমার প্রথম বক্তব্য