আবাহনীর টানা দ্বিতীয় হার মোহামেডানের জয় অব্যাহত

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। গতকাল সিটি ক্লাবের কাছে ২ উইকেটে হেরেছে আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লিওপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছিল আবাহনী। আবাহনীর হারের দিন টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারায় তারা। আগের ম্যাচে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছিল মোহামেডান। বৃষ্টির কারণে ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত আবাহনী ও সিটি ক্লাব ম্যাচটি ২৭ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৭ ওভারে ৫ উইকেটে ২০৯ রান করে আবাহনী। পাঁচ নম্বরে ৪৯ বলে সেঞ্চুরি করেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। রেকর্ড গড়া ইনিংসে ৬টি চার ও ১০টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ১০১ রান করেন মোসাদ্দেক। এছাড়া ওপেনার জিশান আলম ৪৪ বলে ৫৪ রান করেন। সিটি ক্লাবের নিহাদুজ্জামান ৩ উইকেট নেন।

জবাবে সতীর্থদের ব্যর্থতার মাঝেও ওপেনার ও অধিনায়ক মেহেদি মারুফের মারমুখী ব্যাটিংয়ে রানের চাকা সচল থাকে সিটি ক্লাবের। ১৯তম ওভারে দলীয় ১২৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মারুফ। ৮ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৭১ রান করেন তিনি। এরপর লোয়ার অর্ডারে তাহজিবুল ইসলামমোহাম্মদ ইনামুল ও আব্দুল গাফফার সাকলাইনের ক্যামিও ইনিংসের সুবাদে ৮ বল বাকী থাকতে নাটকীয় জয় পায় সিটি ক্লাব। ২৫.৪ ওভারে ৮ উইকেটে ২১০ রান করে তারা। ইনামুল ৭ বলে ২২, সাকলাইন ১১ বলে ২৫ এবং তাহজিবুল ২৮ বলে অপরাজিত ৪০ রান করেন। মোসাদ্দেক ৩ উইকেট নেন।

এদিকে মোহামেডানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ২০৯ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। সাত নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সোহাগ গাজী। মোহামেডানের রিপন মন্ডলমুশফিক হাসানতাইবুর রহমান ও নাইম আহমেদ ২টি করে উইকেট নেন। জবাবে ৫০ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ১২৭ রান যোগ করেন অধিনায়ক তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান। হৃদয় ৮২ ও তাইবুর ৭৪ রানে থামার পর আফিফ হোসেন ও ইয়াসির আলি মোহামেডানের জয় নিশ্চিত করেন। আফিফ ১০ ও ইয়াসির ৯ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া এবিটস গোল্ডকাপ ফুটবলের সেমিতে আজ মুখোমুখি রাঙ্গুনিয়া-সীতাকুন্ড
পরবর্তী নিবন্ধআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চার-পাঁচের দিকে তাকিয়ে শান্ত