আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশের এই কিংবদন্তি ফুটবলার ২০০৯ সাল থেকে সংস্থাটির সভাপতির দায়িত্বে আছেন। দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেস শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। সেখানেই সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না, এ রকম ধারা ছিল। তবে, গত বছর গঠনতন্ত্র সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখন, অনেকটাই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন। এদিকে টানা পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মো. সালাহউদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে সাফের নবনির্বাচিত সভাপতিকে এই শুভেচ্ছা জানায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফেসবুকে দেওয়া বাফুফের ওই অভিনন্দন বার্তায় বলা হয়, ‘টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হিসেবে পুননির্বাচিত হওয়ায় কাজী মো. সালাহউদ্দিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন